ছাত্রলীগের হামলায় আ.লীগের সম্পাদকসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ছাত্রলীগের নেতার সঙ্গে পুলিশের এক কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পুলিশের তিন সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার রাত একটার দিকে শহরতলির গোবরা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এয়াকুব হোসেনের সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রফিকের মোটরসাইকেল চালানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছাত্রলীগ নেতার মোটরসাইকেলটি পুলিশ নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বঙ্গবন্ধু কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই মিছিল ও সমাবেশ থেকে ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি জানানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানাতে গেলে উত্তেজিত নেতা-কর্মীরা তাঁদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ভূঁইয়া, কনস্টেবল মতিয়ার রহমানসহ ১০ জন আহত হন। এর মধ্যে তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুলিশের দুজন সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত একটার দিকে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এয়াকুব হোসেন একটি মামলার তদন্ত করে ফিরছিলেন। ফেরার পথে তিনি গোবরা এলাকায় একটি নম্বরবিহীন মোটরসাইকেল দেখতে পান। তিনি সেই মোটরসাইকেলটি গোপালগঞ্জ পুলিশ লাইনসে নিয়ে আসেন। এ নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে পুলিশের কোনো বচসা বা কথা-কাটাকাটি হয়নি।