ছাত্রলীগের হামলায় এবার সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা গত রোববার রাতে একজন সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন। আহত সাংবাদিকের নাম মুনছুর আলী। তিনি দৈনিক দিনকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কর্মী দেলোয়ার হোসেন ও খালেদ হাসানকে সংগঠন থেকে গতকাল সোমবার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কমিটি।এর আগে গত মাসে ছাত্রলীগের একজন নেতা ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে পিটিয়ে আহত করেছিলেন।এ ঘটনার প্রতিবাদে রোববার রাতেই বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন দৈনিকের প্রতিনিধিরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্যের কক্ষের সামনে বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল সোমবার দুপুরে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করাসহ উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে দেলোয়ার হোসেন ও খালেদ হাসানের নেতৃত্বে ছাত্রলীগের সাত থেকে আটজন কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১ নম্বর কক্ষে যান। তাঁরা ওই হল শাখার ছাত্রশিবিরের সভাপতি শাহনেওয়াজের খোঁজ করেন। তাঁকে না পেয়ে ছাত্রলীগের কর্মীরা ওই কক্ষের আবাসিক ছাত্র মুনছুর আলীর ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে আশপাশের ছাত্ররা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেয়।মুনছুর দাবি করেন, কোনো কারণ ছাড়াই হামলা চালিয়ে তাঁকে আহত করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, সাংবাদিককে মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রলীগের কর্মী দেলোয়ার হোসেন ও খালেদ হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ও তারেক নূর জানান, ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।