ছাত্রলীগের হামলায় চেয়ারম্যান আহত, সড়ক অবরোধ
পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগ কর্মীদের হামলায় বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্যাদা আহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বাস ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে ঘণ্টা খানেক পর অবরোধ প্রত্যাহার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ১০ জন ছাত্রলীগ কর্মীকে আসামি করে গৌরনদী থানায় মামলা করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা ও তাঁর ভাই ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জাফর প্যাদা মঙ্গলবার উপজেলা সদরের গৌরনদী খাদ্যগুদাম থেকে ভিজিডির চাল উত্তোলন করেন। পরে এলাকায় ফেরার পথে বিকেল সাড়ে চারটায় উত্তর পালরদী ম ৎ স্য অফিসের সামনে উপজেলা ও পৌর ছাত্রলীগের কর্মী রুবেল ও বাবুর নেতৃত্বে ৮-১০ জন তাঁদের ওপর হামলা করেন। তারা মো. জাফর প্যাদাকে হাতুড়িপেটা ও ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষার জন্য শাহজাহান প্যাদা এগিয়ে গেলে তাঁকেও জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা বলেন, কয়েক দিন আগে ওই ছাত্রলীগ কর্মীরা তিন-চারটি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এ সময় তাদের এ কাজে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়। এ ঘটনার জের ধরে তারা হামলা করেছে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, শাহজাহান প্যাদা বাদী হয়ে গতকাল বুধবার সকালে ছাত্রলীগ কর্মী রুবেল, বাবুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারসহ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।