ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের চার নেতা-কর্মীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম (মার্কেটিং, এমবিএ) ও সংগঠনের কর্মী পারভেজ বিশ্বাসের (আরবি, চতুর্থ বর্ষ) অবস্থা গুরুতর। আহত অপর দুজন হলেন সংগঠনের কর্মী মাসুদ রানা (সমাজকর্ম, চতুর্থ বর্ষ) ও রাহাত (আরবি, তৃতীয় বর্ষ)।প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, দুপুর ১২টার দিকে মমতাজ উদ্দিন কলাভবনের সামনের চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে সংগঠনের সাত-আটজন নেতা-কর্মী ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। তাঁরা ছাত্রদলের ওই নেতা-কর্মীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পারভেজের মাথায় ও পিঠে সেলাই দেওয়া হয়েছে এবং কামরুলের চোখের নিচে অস্ত্রপচার করা হয়েছে। ছাত্রলীগের নেতা আবদুস সালাম বলেন, ‘নিজেদের কমিটি নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের গালিগালাজ করে। এতে উত্তেজিত হয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাদের মারধর করেছে।’বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা বলেন, বিনা উসকানিতে ছাত্রদলের শান্তিপূর্ণ অবস্থানে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বলেন, ছাত্রশিবিরের ইন্ধনে ছাত্রদল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। তাই তাদের প্রতিহত করা হয়েছে।গতকাল বিকেলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।