ছাত্রলীগের হামলায় ছাত্রদলের তিন কর্মী আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের হামলায় ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রদলের কর্মী জোবায়ের আহমদকে দোতলা থেকে টেনে নিচে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর সহপাঠী ছাত্রদলের কর্মী রাসেল নূর ও রুবেল হাসানকেও তাঁরা পিটিয়ে আহত করেন। পরে জোবায়েরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। পরে পুলিশের সহায়তায় ছাত্রলীগের কর্মীরা আবার ক্যাম্পাসে আসেন। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক লিয়াকত হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে ছাত্রদলের তিন কর্মীকে আহত করেছেন। তাই ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা তাঁদের ধাওয়া করেন।তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন দাবি করেন, কয়েক দিন আগে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছিলেন। এ নিয়ে গতকাল উত্তেজনার সৃষ্টি হলে লিয়াকতের নেতৃত্বে ছাত্রদল দা নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চম্পক ধাম বলেন, এ ঘটনায় সুয়েল আহমদ ও অসীম মল্লিক নামের ছাত্রদলের দুই কর্মীকে আটক করা হয়েছে।