ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দুজন আহত
ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রদলের দুই নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ আহমেদ (২৬) ও তাঁর ছোট ভাই কাজল আহমেদ (২০)। তাঁরা শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ব্যবসায়ী মালেক মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে পূর্ব পাইকপাড়া এলাকার মিজান টাওয়ারসংলগ্ন সড়কে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কর্মীরা পিকেটিং করছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একদল কর্মী লাঠি, ক্রিকেটের স্ট্যাম্প, রামদাসহ হরতালবিরোধী মিছিল নিয়ে তাঁদের ওপর হামলা করেন। হামলায় অন্য পিকেটাররা ছত্রভঙ্গ হলে তাঁরা ইমদাদ ও কাজলকে বেধড়ক পিটুনি দেন। তাঁরা লাঠি ও স্ট্যাম্প দিয়ে ইমদাদের মাথা ও পিঠে এবং কাজলের মাথা ও ডান হাতে আঘাত করেন। একপর্যায়ে কাজল পাশের রামকানাই পুকুরের পানিতে পড়ে যান। পরে এলাকাবাসী ওই দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল হক ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। তাঁরা বলেন, ছাত্রলীগের এ হামলা অত্যন্ত ন্যক্কারজনক।তবে জেলা ছাত্রলীগের সভাপতি ওই দুজনকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পর্যাপ্ত পুলিশ পাঠিয়েছি।’