ছাত্রলীগের হামলায় ছাত্রফ্রন্টের ১৫ নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের হামলায় ছাত্রফ্রন্টের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রফ্রন্ট সূত্রের বিবরণ অনুযায়ী, কলেজে নির্মিতব্য শহীদ মিনারের পাশে মুক্তিযুদ্ধকালীন এ প্রতিষ্ঠানের শহীদদের নামের তালিকাসংবলিত সঞ্চৃতিফলক নির্মাণের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ছাত্রফ্রন্টের কর্মী-সমর্থকেরা একটি সঞ্চারকলিপি পেশ করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ থেকে ওই সংগঠনের কর্মীরা যখন বের হন তখন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথের নেতৃত্বে ছাত্রফ্রন্ট কর্মীদের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি ছাত্রফ্রন্ট কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে না জানিয়ে কেন স্মারকলিপি দিতে গেলি তোরা? কলেজে ছাত্রলীগকে না জানিয়ে কোনো কাজ করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।’ কথা শেষ করেই অরুণ দেবনাথ ছাত্রফ্রন্ট কর্মীদের চড়-থাপড় মেরে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেন। দুপুর একটার দিকে ছাত্রফ্রন্টের নগর শাখার কিছু নেতা কলেজে এসে অধ্যক্ষকে পুরো ঘটনা জানান। এরপর ছাত্রফ্রন্ট কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় প্রধান ফটকের সামনে কয়েক শ ছাত্রলীগ কর্মী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালান। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহসহ জ্যেষ্ঠ শিক্ষকেরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন জেলা বাসদ নেতা সুশান্ত সিনহা, কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় কান্তি দাস, নগর ছাত্রফ্রন্টের সহসভাপতি সাজু সরকার, সাধারণ সম্পাদক রেজাউর রহমান, কলেজ ছাত্রফ্রন্ট কর্মী ফজলে রহমান চৌধুরী, রুবেল মিয়া, নিপন আহমদ, সাকিব চৌধুরীসহ অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে রক্তাক্ত অবস্থায় সাজু সরকার ও ফজলে রহমান চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বেলা তিনটার দিকে নগরে বিক্ষোভ মিছিল করে ছাত্রফ্রন্ট জেলা শাখা। মিছিলটি নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশে বাসদ ও ছাত্রফ্রন্টের নেতারা বক্তৃতা করেন। কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় কান্তি দাস বলেন, এ ঘটনায় ছাত্রলীগ কর্মীদের অভিযুক্ত করে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের কয়েকজন জুনিয়র ছেলের মধ্যে ক্যাম্পাসের ভেতরে একই বেঞ্চে বসা নিয়ে তর্ক হয়েছে। আমি সবার সঙ্গে আলাপ করেছি। শিগগিরই বসে এটা মিটমাট করা হবে। কারণ ছাত্রফ্রন্টের কর্মীরাও তো আমাদের একই মত-পথের মানুষ।’ মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ গতকাল বিকেলে বলেন, ‘একটা তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ-ছাত্রফ্রন্ট সংঘর্ষের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ সম্পর্কিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে।’