
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে গত সোমবার দিবাগত রাতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আবাসিক ছাত্র জখম হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রশিবির দাবি করেছে, আহত ছাত্ররা শিবিরের কর্মী। এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। হামলার ঘটনায় কলেজের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রাবাসে বসানো হয়েছে পুুলিশি পাহারা।
আহত ছাত্ররা হলো কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কাজী তারিফ হোসেন, নাজমুল হুদা ও এজাজ আহাম্মেদ এবং উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের জাফর ইমাম, মনিরুল ইসলাম ও ইসমাইল হোসেন। আর একজন নিজের নাম-পরিচয় বলতে চায়নি। তবে সেও ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র। আহত ছাত্রদের মধ্যে ইসমাইলের অবস্থা গুরুতর।
কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে আহত ছাত্রদের শিবিরের কর্মী বলে দাবি করা হয়। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আজিজুর রহমানের অপসারণ এবং ছাত্রলীগের দায়ী নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
গতকাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি এক সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।
ছাত্রাবাস সূত্রে জানা গেছে, সোমবার রাতে ছাত্রাবাসের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে ছাত্রাবাসের মসজিদের জন্য একটি মাদুর কেনা হয়। কিন্তু উপহারটি ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের দিয়ে আসেন। এ নিয়ে অন্য ছাত্রদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। তবে রাত সাড়ে নয়টার দিকে বিষয়টি মিটমাট হয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ইসমাইল প্রথম আলোকে বলে, অনুষ্ঠান শেষে তারা যে যার রুমে চলে যায়। রাত একটার দিকে ছাত্রলীগের নেতা পারভেজ (আবাসিক ছাত্র নন), কৌশিক, সোহান, নাবিল ও জাকির বহিরাগতদের সঙ্গে নিয়ে কয়েকটি কক্ষে হামলা চালান। এ সময় সহকারী তত্ত্বাবধায়ক রেজাউল করিম হামলাকারীদের বাধা দিতে গেলে হামলাকারীরা ধাক্কা মেরে তাঁকে সরিয়ে দেয়। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আজিজুর রহমান নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন।
তত্ত্বাবধায়ক আজিজুর রহমান বলেন, রাত একটার দিকে ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক রেজাউল করিম তাঁকে ডেকে তোলেন। পরে ছাত্রাবাসের ভেতরে গিয়ে দেখেন তিন-চারজন যুবকের হাতে ছুরি। কাছে গেলে তাঁকেও আঘাত করা হতে পারে—এই ভয়ে তিনি বাধা দেননি। তবে তিনি তাৎক্ষণিকভাবে ফোন করে পুলিশ ও অধ্যক্ষকে ঘটনাটি জানিয়েছিলেন। তিনি বলেন, বহিরাগতরা ছাত্রাবাসের পেছনের তালা ভেঙে ঢোকে।
ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। ছাত্রাবাসের ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপরে হামলা করেছে। কলেজে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটিও নেই। আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ঘটনার অনেক পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যান।
অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকার বলেন, সাধারণ ছাত্রদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। আহত ছাত্রদের অবস্থা গুরুতর কিছু নয়।
নগরের রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুম মনির বলেন, রাত থেকেই ছাত্রাবাসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।