ছাত্রলীগের হামলায় দুই শিবির কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় দুই শিবির কর্মী আহত হয়েছেন। গত সোমবার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এঁরা হলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল (২১) ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিমুল আহমেঞ্চদ (১৯)। তাঁদের মধ্যে ইব্রাহিম খলিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশ কিছুদিন ধরে ইব্রাহিম ও শিমুলকে ছাত্রশিবির করতে বারণ করে আসছিলেন। কিন্তু তাতে তাঁরা রাজি হননি। এ কারণে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী প্রধান ছাত্রাবাসের ৪০৪ নম্বর কক্ষে ইব্রাহিম ও শিমুলকে আটকে রাখেন। এই সময় তাঁরা তাঁদের হকিস্টিক ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে ইব্রাহিম আত্মরক্ষার্থে চারতলা থেকে লাফ দেন। এতে তাঁর চোয়াল ভেঙে যায়। মারধরে শিমুলের হাত ভেঙে গেছে। পরে সাধারণ ছাত্ররা তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক মো. জহুরুল হক বলেন, আহত দুজনের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর। তাঁর চোয়াল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। শিমুল অভিযোগ করে বলেন, ‘গত সোমবার রাতে সিফাত রেজা, সৈকত, মাসুম, হাসানসহ ১০-১২ জন আমাকে ইব্রাহিম খলিলের কক্ষে নিয়ে আটকে মারধর করে। মারধরের একপর্যায়ে আমি দৌড়ে পালাই। তবে ইব্রাহিম লাফ দিয়েছে নাকি তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা বলতে পারব না।’ হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা রেজাউল করিম দাবি করেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। সিফাত রেজা নামের কলেজ ছাত্রলীগের একজন সদস্য রয়েছে। ওরা ওই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ইব্রাহিম ও শিমুল শিবির করে। শুনেছি ইব্রাহিম খলিল আত্মরক্ষার জন্য লাফ দিয়ে আহত হয়েছে।’
ছাত্রলীগের ইনস্টিটিউট শাখার সাবেক নেতা আবদুল হান্নান বলেন, ‘রেজাউল করিম ঢাকায় ছিল, এটা ঠিক। কিন্তু তার ইশারায় ওই হামলা হয়েছে।’ এ ব্যাপারে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেনের মুঠোফোন ও টেলিফোনে যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।