ছাত্রলীগের হামলায় দোকান ভাঙচুর, আহত ৬, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি দখলে নেওয়ার জন্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমানের নেতৃত্বে শতাধিক লোক গতকাল সোমবার সকালে শহরের চাঁদকাঠি এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও তাঁর পরিবারের ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঝালকাঠি সদর ও বরিশাল শেরেবাংলা মহাবিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমানের শাশুড়ি জান্নাতুল ডালিয়া ও তাঁর প্রতিবেশী জেসমিন বেগম এবং মাহবুবুর রহমান ও তাঁর ভগ্নিপতি আবদুল ওয়াহেদ।আহত রওশনারা বেগম জানান, মধ্য চাঁদকাঠি সিভিল সার্জন অফিসের সামনে তাঁদের ভোগদখলীয় একটি স্টিল ফার্নিচারের দোকানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাদশা মিয়া ও চান ফকিরের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। কয়েক দিন ধরে প্রতিপক্ষের লোকজন জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমানের সহযোগিতায় স্টিল ফার্নিচারের দোকান ও ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে। গতকাল সকালে হাদিসুর রহমান শতাধিক সন্ত্রাসী নিয়ে দোকান ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে ওই সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর ছেলে দোকানের মালিক মো. মাহবুবুর রহমানকে কুপিয়ে আহত করে। তাঁদের রক্ষা করতে এসে মেয়েজামাই আবদুল ওয়াহেদ, মেয়ে খুকু আক্তার, নিহার আক্তার ও আম্বিয়া খাতুন গুরুতর আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা ব্যবসাপ্রতিষ্ঠানটি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে সাত লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি দাবি করেন।দোকানমালিক মাহবুবুর রহমান বলেন, ‘আমাকে হয়রানি করার জন্য রোববার রাতেই হাদিসুর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় মিথ্যা চাঁদাবাজির একটি মামলা করেন।’এদিকে ঝাল-কাঠি থানার পুলিশ গতকাল দুপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে হাদিসুর রহমানের শাশুড়ি জান্নাতুল ডালিয়া ও তাঁর প্রতিবেশী জেসমিন বেগমকে এবং চাঁদাবাজির মামলায় চিকিৎসাধীন মাহবুবুর রহমান ও তাঁর ভগ্নিপতি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করে। জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, ‘কয়েক মাস আগে বিরোধীয় ওই সম্পত্তি আমার ছেলে কিনেছে। কিন্তু মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ব্যবসাপ্রতিষ্ঠান করে তা অবৈধভাবে দখল করে রাখে। আমরা জমি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।’ ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘কিছুদিন আগে বিরোধীয় ওই সম্পত্তি হাদিসুর রহমান কিনেছেন বলে আমাকে জানিয়েছেন। আদালতের নির্দেশে গতকাল থেকেই ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।’