ছাত্রলীগের হামলায় বিএনপির চার সমর্থক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ছাত্রলীগের হামলায় বিএনপির চারজন সমর্থক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়া সদরে মিছিল হয়। মিছিল শেষে নেতা-কর্মীরা চুকনগরে ফিরে যান। এ সময় সেখানে আটলিয়া ইউপির নবনির্বাচিত সদস্য বিএনপির সরদার দৌলত হোসেন ও তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী বিএনপির হাবিবুর রহমানের কর্মীদের মধ্যে বাদানুবাদ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সরদার দৌলত হোসেনের কর্মীরা হাবিবুর রহমানের কর্মী ছাত্রলীগের মফিজুল ইসলামকে (২২) মারধর করেন। এ ঘটনার পর রাত নয়টার দিকে ছাত্রলীগের কর্মীরা সম্মিলিতভাবে প্রতিপক্ষকে ধাওয়া করেন। এর রেশ ধরে গতকাল রোববার সকাল ১০টার দিকে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী-সমর্থক চুকনগর বাজারে বিএনপির সমর্থকদের মারধর ও তাঁদের ১০-১২টি দোকান বন্ধ করে দেন। এ সময় চারজন আহত হন।