সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের হামলায় ১৫ ছাত্রফ্রন্ট কর্মী আহত হওয়ার ঘটনায় দায়ের করা আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। গত সোমবার রাত সাড়ে নয়টায় কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক সঞ্জয় কান্ত দাস বাদী হয়ে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়েরের জন্য এ আবেদন করেন। তবে পুলিশ বলছে, ছাত্রফ্রন্টের আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্ত শেষে সত্যতা পেলে তা মামলা হিসেবে নথিভুক্ত করবে। মামলার বাদী কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় কান্ত দাস জানান, মামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ, ছাত্রলীগ নেতা রুমেল আহমদ, জাবির সুলতানসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, ছাত্রফ্রন্টের করা আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে গণ্য করে তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হবে। এদিকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখা। নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রেজাউর রহমান, বিশ্বপা ভট্টাচার্য্য, ছাত্রফ্রন্ট মদনমোহন কলেজ শাখার আহ্বায়ক সঞ্জয় কান্ত দাস, শিব্বির আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দোষী ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করা হলেও সেটি পুলিশ এখন পর্যন্ত নথিভুক্ত করেনি। দোষী ব্যক্তিদের শিগগিরই বিচারের আওতায় নিয়ে আসা না হলে সিলেটের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।