ছাত্রলীগের হামলায় যুব-ছাত্রদলের আট নেতা-কর্মী আহত
বরিশালের গৌরনদী উপজেলায় গত সোম ও মঙ্গলবার ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদলের আটজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৌরনদী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক চোকদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাতটার দিকে গৌরনদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপির স্থানীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের নেতা-কর্মীরা বাড়ি ফেরার পথে গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ছাত্রলীগ নেতা-কর্মীরা সাত-আটটি মোটরসাইকেলে চড়ে এসে অতর্কিত হামলা চালান। হামলায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের নেতা রফিক খান, চাঁদশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন, সবুজ হাওলাদার আহত হন। একই রাতে তিনি নিজ বাড়ি ফেরার পথে বড়বাড়ি এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় আহত হন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ চাঁদশী বাজারের কাছে ছাত্রদল নেতা নুরু আহমেঞ্চদ ও মালেক হোসেনকেও জখম করে। একই দিন দুপুরে আশোকাঠি বাসস্ট্যান্ডে পৌর ছাত্রদল নেতা সোহাগ কাজী ও জাবেদ সেলিমকে মারধর করে জখম করা হয়। গুরুতর আহতদের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম বলেন, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের ওপর হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।