ছাত্রলীগের হামলায় যুবলীগের নেতা আহত দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের কর্মীদের হামলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকি হোসেন গুরুতর আহত হয়েছেন। এ জন্য উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজন মোল্লার পক্ষকে দায়ী করেছেন জাকির কর্মীরা। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের এতিমখানা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মুন্সীর ব্যবসাপ্রতিষ্ঠানসহ একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শহরের এতিমখানা কালভার্ট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকি হোসেনসহ ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় কালভার্টের ওপরে থাকা ছাত্রলীগের কর্মী আজিম, মুছা ভুঁইয়া, সজীব, শাওন, অভি গাজীর নেতৃত্বে ৫০-৬০ জন কর্মী কোমল পানীয় স্প্রাইটের বোতল ভেঙে জাকির গায়ে ছোড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন মোল্লার পক্ষের কর্মী।এরপর ওই উচ্ছৃঙ্খল কর্মীরা পাশের একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। একপর্যায়ে জাকির কর্মীরা সুজন মোল্লার কর্মীদের ধাওয়া করলে তারা স্থান ত্যাগ করে সদর রোড ও কুমারপট্টিতে গিয়ে আশ্রয় নেয়।এ সময় হামলার শিকার হয় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল হক মুন্সীর ব্যবসাপ্রতিষ্ঠান। এটি পৌর শহরের সদর রোড এলাকায় অবস্থিত। তিনি বলেন, ‘ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীকে দেখে আত্মরক্ষার জন্য রূপ নামের ছাত্রলীগের এক কর্মী দৌড়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেয়। তখন সন্ত্রাসীরা দরজা ভেঙে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এতে আমার আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’জাকিরের ছোট ভাই ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুর হাসনাত অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজন মোল্লার নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। এ জন্য সুজন মোল্লাই দায়ী।সুজন মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’