ছাত্রলীগের হামলায় শিবিরের দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল শনিবার ছাত্রলীগের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে পরীক্ষায় অংশ নিতে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এরশাদুল হক এবং পাঠাগার ও ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম কৃষি প্রকৌশল অনুষদে যান। দুপুর একটায় তাঁদের পরীক্ষা শেষ হয়। ক্যাম্পাসে তাঁদের অবস্থানের খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন হল থেকে এসে ওই অনুষদের সামনে জড়ো হন। দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সাজ্জাদ হোসেন ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা আহত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি সুলাইমান হোসাইন বলেন, ছাত্রলীগ ক্যাডাররা ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলা চালিয়েছে।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এতে ছাত্রলীগের কেউ জড়িত নন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, শিবিরের দুই নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।