ছাত্রলীগের হামলায় শিবিরের ১৫ নেতা-কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপত্তিকর পোস্টার টাঙানোর অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। রড ও লাঠিসোঁটার আঘাতে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ ছাত্রশিবিরের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে আবাসিক হলে তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব্যবহূত জিনিসপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার রাত দেড়টার দিকে ক্যাম্পাসে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে ‘জাগ্রত হও বাংলাদেশ’ শিরোনামে একাধিক পোস্টার দেখতে পান ছাত্রলীগের কয়েকজন কর্মী। এরপর বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের কর্মীরা রড ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে গিয়ে ছাত্রশিবিরের কর্মীদের মারধর করেন। এতে ছাত্রশিবিরের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ছাত্রদের মধ্যে পাঁচজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, মামুনুর রশিদ, গোলাম সামদানী, আক্তারুজ্জামান ও তারিফুর রহমান। বুধবার রাতেই ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিশৃঙ্খলার খবর পেয়ে শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ দিকে গতকাল দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন আবাসিক হলে তল্লাশি চালান। ভয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। এ সময় ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা ছাত্রশিবিরের নেতা- কর্মীদের কক্ষে থাকা কাঁথা-বালিশ, কাপড়-চোপড় বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের পুরোনো শিক্ষাভবনের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের কর্মীরা শান্ত ক্যাম্পাস অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। এর আগেও তারা এ ধরনের অপকর্ম করেছে। এরই ধারাবাহিকতায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাসে আপত্তিকর পোস্টার ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ ছাত্রশিবিরকে পরোক্ষ মদদ দিচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বেলা সোয়া তিনটার দিকে উপাচার্য তাঁর কক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সোয়া পাঁচটা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকে অপ্রীতিকর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। বৈঠক চলার সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ চার দফা দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। ছাত্রলীগের অপর দাবিগুলো হলো: সরকারবিরোধী পোস্টারিংয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি, অতীতে এ-সংক্রান্ত বিভিন্ন অপ্রীতিকর ঘটনার তদন্ত এবং ছাত্রশিবিরের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।শিক্ষার্থীদের উদ্বেগ: সাধারণ শিক্ষার্থীরা বলেন, ৩১ অক্টোবর থেকে তাদের পর্ব সমাপনী পরীক্ষা হওয়ার কথা। এ অবস্থায় নির্ধারিত সময়ে পরীক্ষা হওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবার পরীক্ষার সময় একটা না একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর একটা সুরাহার দাবি জানান তাঁরা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে উদ্দেশ্যেমূলকভাবে আপত্তিকর পোস্টার টাঙিয়েছে। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তা প্রতিহত করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত।অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের সভাপতি ইমরুল কায়েস বলেন, ছাত্রলীগের কর্মীরা কোনো কারণ ছাড়াই গভীর রাতে ঘুম থেকে উঠিয়ে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। পোস্টার করার সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নন। এ ব্যাপারে জানতে উপাচার্য এম সবদার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। বক্তব্য জানতে উপছাত্রকল্যাণ পরিচালক আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও একই আপত্তি করে বলেন, ‘তুমি তো সবই জানো। তোমার মতো করে লিখে দাও।’ছাত্রকল্যাণ পরিচালক গণেশ চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছুটি শেষে এইমাত্র তিনি ক্যাম্পাসে ফিরলেন। তাই বিস্তারিত বলতে পারবেন না। তবে গণেশ চন্দ্র বলেন, নির্ধারিত সময়ে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্বেগের কিছু নেই। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত বলে মনে হচ্ছে।