ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের হামলায় স্থানীয় দৈনিক যুগভেরীর সংবাদদাতা অনুপ সরকার আহত হয়েছেন। শাবিপ্রবির প্রধান ফটকের সামনে গত রোববার সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অনুপের মাথা, বুক, কান, হাত ও পিঠে প্রচণ্ড আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে অনুপকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন ছাত্রলীগের কর্মী মুশফিকুর জিয়া ও আলী হাসান নূর। এ সময় আরও কয়েকজন তাঁদের ঘিরে রাখেন। এরপর অনুপকে টেনে-হিঁচড়ে একটি দোকানের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাধারণ ছাত্ররা অনুপকে উদ্ধার করেন।সাংবাদিকের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগ স্বীকার করে সংগঠনটির শাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বিভিন্ন সংগঠনের নিন্দা: অনুপের ওপর হামলার ঘটনায় শিকড়, দিক থিয়েটার, মাভৈঃ আবৃত্তি সংসদ, এসইউডিএস, থিয়েটার সাস্ট, চোখ ফিল্ম সোসাইটিসহ শাবিপ্রবির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিন্দা জানিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা ওই হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।