ছাত্রলীগের হামলায় সাত সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় গতকাল সোমবার রাতে সূর্য সেন হল শাখার ছাত্রলীগ কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাত সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ভুক্তভোগীরা।
আহত সাংবাদিকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব আশরাফ, যমুনা টেলিভিশনের মনিরুল ইসলাম, সময় টেলিভিশনের মাসুদুর রহমান, কালের কণ্ঠের রফিকুল ইসলাম, দৈনিক জনতার মাহমুদুল হাসান, দ্য রিপোর্টের জাহিদ হাসান ও এশিয়ান টেলিভিশনের আরাফাত সরকার। আহত সাংবাদিকদের সঙ্গে থাকা একাধিক সহকর্মী জানান, ক্যাম্পাসে কর্মরত সাবেক ও বর্তমান সাংবাদিকেরা রাত সাড়ে আটটার দিকে মল চত্বরে ফুটবল খেলছিলেন। হঠাৎ সূর্য সেন হলের ছাত্রলীগের ৩০-৪০ জন কর্মী চাপাতি, রড ও লাঠি নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিকেরা তাঁদের ফেরাতে গেলে তাঁদেরকেও লাঞ্ছিত করা হয়।
তিন কর্মী আটক, কমিটি স্থগিত, বহিষ্কার: খবর পেয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ সূর্য সেন হলে আসেন। সেখান থেকে হামলাকারী হিসেবে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শরীফুল ইসলাম, ছাত্রলীগের কর্মী আবদুল হামিদ ও বিদ্যুৎকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে সাংবাদিকদের দাবির মুখে ছাত্রলীগের সূর্য সেন হল কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং ছাত্রলীগের ১২ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।