ছাত্রলীগের হামলায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা পণ্ড
অনুষ্ঠানে আমন্ত্রণ না করার অভিযোগ তুলে গত রোববার রাজশাহীর চারঘাটে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতির অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ছাত্রলীগ। হামলা ঠেকাতে গিয়ে দলের একজন নেতা গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলা মিলনায়তনে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ অনুষ্ঠেয় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শুরু হয়। এতে চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল হক আনসারী, আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভা চলাকালে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হকের নেতৃত্বে ৮-১০ জন যুবক এসে মিলানয়তনের ভেতর ঢুকে চেয়ার ভাঙচুর শুরু করেন। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পুলিশ হেফাজেত ইউএনও অনুষ্ঠানস্থল থেকে চলে যান।এ সময় হামলা ঠেকাতে গিয়ে চারঘাট পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আলী আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের নেতা একরামুল হক জানান, আওয়ামী লীগের অনেক নেতাকে বাদ দিয়ে দায়সারা করে প্রস্তুতি সভা ডাকা হয়েছিল। তাঁরা সবাইকে ডেকে দু-এক দিন পর প্রস্তুতি সভা করতে বললেও ইউএনও তাঁদের কথায় কর্ণপাত করেননি।