ছাত্রলীগের ১১ কর্মীর রিমান্ড ও জেলগেটে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তাঁদের কর্মী নিহত হওয়ার ঘটনায় করা দুটি মামলায় ছাত্রলীগের ১১ জন কর্মীকে রিমান্ড ও জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সুমনচন্দ্র দাসের মায়ের করা হত্যা মামলায় ছাত্রলীগের চার কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁরা হলেন সজল দাস (২৪), এমদাদুল হক (২৭), জাহিদ হোসেন (২৩) ও নাঈম আহমেদ (২১। রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক সুহেল আহমদ। তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুনানি শেষে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন ছাত্রলীগের চারজন কর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

একই ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রলীগের সাত কর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন আরিফুল হক (২৪), মো. মেহেদী হাসান (২৫), জাহিদ হোসেন (২২), সোহেল আহমদ (২২), মো. আল-আমিন (২৪), পিয়াস চক্রবর্তী (২৩) ও মাহমুদুল হাসান। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানা পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান আসামিদের দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুমনচন্দ্র দাস নামের ছাত্রলীগের এক কর্মী মারা যান। ওই ঘটনায় সুমনচন্দ্র দাসের মা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় মোট চারটি মামলা হয়েছে।