ছাত্রলীগের ১৩ কর্মীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হত্যাকাণ্ড
জুবায়ের হত্যাকাণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় একই বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক গতকাল রোববার এই মামলার অভিযোগপত্রভুক্ত ১৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন রাশেদুল ইসলাম, খন্দকার আশিকুল ইসলাম, খান মো. রইছ, জাহিদ হাসান, ইশতিয়াক মেহবুব, কামরুজ্জামান, শফিউল আলম, অভিনন্দন কুণ্ডু, মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, নাজমুল হুসেইন, মাহবুব আকরাম ও নাজমুল হাসান। তাঁরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী।

আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁরা আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। ২ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে এক আসামির অনুপস্থিতির কারণে তা পিছিয়ে আদালত গতকাল দিন ধার্য করেছিলেন।

গত বছরের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করা হয়। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুবায়ের ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন। এই হত্যার ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান সাভার থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ গত বছরের ৮ এপ্রিল ওই বিশ্ববিদ্যালয়ের ১৩ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। চলতি বছরের ২২ জুলাই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রজ্ঞাপন জারি হয়। গত ১৮ আগস্ট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ বিচারের জন্য গৃহীত হয়।