ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একপক্ষের চার কর্মীর ওপর হামলায় ঘটনায় অপরপক্ষের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রলীগের আহত এক কর্মীর বাবা বাদী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে আশুলিয়া থানায় এ মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বহিষ্কার ও হল কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে বহিষ্কৃত কমিটির সাধারণ সম্পাদক পক্ষের চার কর্মী মো. আদেল আল নোমান, শান্ত কুমার নাথ, কিশোর দাশ ও মো. এখতেখায়রুজ্জামান ওরফে সঞ্চয়কে মারধর করেন সভাপতি পক্ষের ১২-১৩ জন কর্মী। আহত ছাত্রদের মধ্যে গুরুতর আহত হওয়ায় মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নোমানকে রাজধানীর রেনেসাঁ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অন্য তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল দিবাগত রাত একটার দিকে নোমানের বাবা ফয়জুল কবীর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতা ও সাত কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এঁরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।

নেতারা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, মোর্শেদুর রহমান আকন্দ, সহসম্পাদক মেহেদী হাসান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সোহেল রানা, উপ–গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. দিদার হোসেন, উপ–মানবসম্পদবিষয়ক সম্পাদক এস এম ফিরোজুর রহমান।

এ ছাড়া ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের আরিফুল ইসলাম এবং আইন ও বিচার বিভাগের মুস্তকিম ইসলামের বিরুদ্ধেও মামলা হয়েছে। ছাত্রলীগের অন্য কর্মীরা হলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের তৃতীয় বর্ষের তারেক হাসান, চয়ন, জহির এবং দ্বিতীয় বর্ষের সোহেল ও জাকির।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় আহত আদেল আল নোমানকে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর রেনেসাঁ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। আহত অন্য দুজন শান্ত কুমার নাথ ও কিশোর দাশ সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে নোমানের বাবা ফয়জুল কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, এ ঘটনায় ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।