ছাত্রলীগের ১৪ কর্মীকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করায় শাখা ছাত্রলীগের ১৪ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর স্বাক্ষরিত এক পত্রে অভিযুক্তদের পাঁচ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক স্বাক্ষরিত নোটিশটি শিক্ষার্থীদের ঠিকানায় পাঠানো হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের সভা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত মঙ্গলবার দুপুরে মিছিল করায় ছাত্রলীগের এই ১৪ কর্মীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খান পক্ষের অনুসারী বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করায় ১৪ শিক্ষার্থীকে নোটিশ দেওয়া হয়েছে। তবে তারা কোনো ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না—সেটা আমার জানা নেই। শুনেছি তারা ছাত্রলীগের সাঈদ-ইমরান অনুসারী।’
২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের এক সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।