ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রামের সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, ১৭ আসামি বিচারিক আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ করা হয়। পরে তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, অস্ত্র মামলার এজাহারে আসামিদের নাম নেই। তাঁদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করেনি পুলিশ। এসব বিষয় তুলে ধরে জামিনের আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার।