ছাত্রলীগের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলায় ওসিসহ পুলিশের সাত সদস্য আহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের বিবদমান দুই অংশের নেতা-কর্মীদের আসামি করা হয়।
গতকাল বুধবার রাতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাদী হয়ে ছাত্রলীগের ৪১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৯১ জনের বিরুদ্ধে মামলা করেন। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।
এদিকে, ককটেল হামলার পর ঘটনাস্থল থেকে আটক ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ১২ জনকে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী এসআই আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, মামলায় সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক বেনজীর আহমেদ ও যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান এবং অন্য অংশের সভাপতি মশিউর রহমান ও আসলাম হোসেনসহ জেলা ও কলেজ ছাত্রলীগের ৪১ নেতাসহ ১৯১ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রাতে বগুড়ায় ছাত্রলীগের জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিবদমান দুই অংশের মুখোমুখি অবস্থানের সময় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটে। এতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমানসহ পুলিশের সাত সদস্য আহত হন।