ছাত্রলীগের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সাতমাথা এলাকায় গত বুধবার পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের বিবদমান দুটি অংশের নেতাসহ প্রায় ২০০ কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
বগুড়া সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বাদী হয়ে বুধবার রাতে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় সদর থানায় মামলাটি করেন৷ মামলায় ছাত্রলীগের জেলা ও কলেজ কমিটির বিবদমান দুই অংশের ৪১ নেতা-কর্মীর নামোল্লেখ এবং দেড় শ জন অজ্ঞাতনামা নেতা-কর্মীকে আসামি করা হয়েছে৷
এদিকে ককটেল হামলার পরপরই ঘটনাস্থল থেকে আটক ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এঁরা হলেন: ছাত্রলীগের কর্মী আলমগীর হোসেন, ডন মিয়া, বিপুল, আনসার হোসেন, আসাদ মিয়া, শামিম হোসেন, লিটন মিয়া, একরামুল হক, আবদুর রকিব, অভি, আবদুর রহমান ও আশিকুর রহমান৷
এদিকে ককটেল হামলায় আহত পুলিশ সদস্যদের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। ঘটনার পরপরই আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷