ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন আজ
পাঁচ বছর পর ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৭তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার। আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেবেন। এ সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবে। সংগঠন সূত্রে জানা গেছে, হরতালের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল শনিবারই অনেক নেতা-কর্মী ঢাকায় এসেছেন। গতকাল দিনভর তাঁদের উপস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে।এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম নিয়েছেন ২৬৩ জন। সম্মেলন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গতকাল প্রথম আলোকে জানান, সভাপতি পদে ৭৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮৪ জন ফরম নিয়েছিলেন। তবে গতকাল দুপুর পর্যন্ত অর্ধেকের বেশি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শেষ পর্যন্ত কতজন প্রার্থী থাকলেন, সে হিসাব চূড়ান্ত করা হচ্ছে। সংগঠন সূত্রে জানা গেছে, বয়সের সীমা না থাকলে চারজন প্রার্থী নেতা হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তাঁরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী দুজন শীর্ষস্থানীয় নেতা এবং কেন্দ্রীয় কমিটির দুজন সম্পাদক। আর বয়স ২৯ নির্ধারিত হলে কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক, একজন সহসম্পাদক ও বিশ্ববিদ্যালয় কমিটির দুজন সাংগঠনিক সম্পাদক নেতা নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাও এ প্রতিযোগিতায় থাকছেন।এর আগে, ২০০৬ সালের এপ্রিল মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ২০০৮ সালের এপ্রিলেই এ কমিটির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছে। তার তিন বছর পর এবারের সম্মেলন হচ্ছে। গতকাল রাতে ছাত্রলীগের সর্বস্তরের সাধারণ নেতা-কর্মীর নামে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি চিঠি পাঠানো হয়েছে প্রথম আলোতে। ওই চিঠিতে বলা হয়েছে, ছাত্রলীগ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। রিপন-রোটনের কমিটি বিজ্ঞপ্তি দিয়ে যাকে-তাকে নেতা বানিয়েছে। জেলা কমিটির নির্বাচিত নেতাদের মধ্যে অনেকেই সরাসরি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। টাকা দিয়ে পদ পেয়েছেন অনেকে। ফলে কমিটিবাণিজ্য করে বর্তমান কমিটির শীর্ষস্থানীয় দুজন নেতা কোটি টাকা আয় করেছেন। সরকার একটু খোঁজখবর করলেই এ টাকার সন্ধান পাবে।