
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার হত্যাকাণ্ডের সাড়ে ১৬ মাস পর ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ওরফে আশার গুলিতেই তাপস নিহত হন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
২০১৪ সালের ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। এর জের ধরে দুপুরে ক্যাম্পাসের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুলিতে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার খুন হন। আহত হন আরও পাঁচ ছাত্র।
তাপস হত্যাকাণ্ডের দুদিন পর ১৭ ডিসেম্বর হাটহাজারী থানায় হত্যা মামলা করেন তাঁর সহপাঠী হাফিজুল ইসলাম। এতে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে এই মামলার এজাহারভুক্ত ৩০ আসামির মধ্যে একজনকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, অভিযোগপত্রভুক্ত ২৯ আসামির মধ্যে আশরাফুজ্জামানসহ ১৫ জন পলাতক। বাকি ১৪ জন জামিনে রয়েছেন।
পিবিআই সূত্র জানায়, অভিযোগপত্রে ছাত্রলীগের সাবেক উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামানকে ৩০২ ধারায় অভিযুক্ত করা হয়েছে। বাকি ২৮ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতা এবং ২৫ জনের বিরুদ্ধে বেআইনিভাবে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়। এই মামলায় এজাহারভুক্ত ৩০ আসামির মধ্যে কে কোন ধরনের অপরাধ করেছেন, তা অভিযোগপত্রে শ্রেণিবিন্যাস করে দেখানো হয়েছে।
পিবিআই সূত্র জানায়, এজাহারভুক্ত আসামি রূপম বিশ্বাস ঘটনার দিন বেনাপোল সীমান্ত দিয়ে ভারত সফরে যাচ্ছিলেন। যাচাই-বাছাই করে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।
পিবিআইয়ের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাপস হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুজ্জামান আশা। কারণ তাঁর গুলিতে তাপস নিহত হন বলে বিভিন্ন সাক্ষী ও আলামত থেকে জানা গেছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে গুলির আঘাতেই তাপস সরকারের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়। সিআইডির ব্যালিস্টিক (অস্ত্র পরীক্ষা) প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় তাপসের দেহ থেকে পাওয়া বুলেটটি ৭ দশমিক ৬৮ ক্যালিবার অস্ত্রের। সেই ক্ষুদ্র অস্ত্রটি মূল আসামি আশরাফুজ্জামানের হাতেই ছিল বলে প্রত্যক্ষদর্শী সাক্ষীরা বলেছেন।