রাজশাহী মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে গত আগস্ট মাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের ৩১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাঁদের বৃত্তিমূলক পরীক্ষা থেকে বিরত রাখা, জরিমানা ও সতর্ক করা হয়েছে। পরীক্ষা থেকে বিরত থাকা শাস্তি পাওয়া ছাত্রদের গতকাল (শনিবার) বিকেল পাঁচটার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানার অর্থপত্র জারির ১০ দিনের মধ্যে জরিমানার টাকা কলেজের ক্যাশ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, গত বুধবার একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় গত ১১ ও ২৬ আগস্টে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাঠ করা হয়। এ নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার কলেজের আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া সভাপতিত্ব করেন। সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনুদ্দিন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দায়েম উদ্দিনসহ ১৯ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে এমবিবিএস ৪৮তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের নেতা তানিকুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ দুটি বৃত্তিমূলক পরীক্ষা থেকে বিরত রাখা, একই ব্যাচের সুমন প্রামাণিক, রকিবুজ্জামান, ৪৯তম ব্যাচের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী শামীম রেজা ও সোহেল মাহমুদ এবং ৪৭তম ব্যাচের পঞ্চম বর্ষের পরীক্ষার্থী রোকনুজ্জামান ও একই ব্যাচের তৃতীয় বর্ষের সাজ্জাদ হোসেনকে একটি করে বৃত্তিমূলক পরীক্ষা থেকে বিরত রাখা ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ৪৭তম ব্যাচের পঞ্চম বর্ষের পরীক্ষার্থী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সম্পদ কুমার দত্তকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ব্যাচের ২০ জনকে দুই হাজার টাকা করে জরিমানা ও সতর্ক করা হয়েছে। ৪৮তম ব্যাচের অপর তিন শিক্ষার্থীকে শুধু সতর্ক করা হয়েছে। সম্পদ কুমার দত্ত বলেন, ‘আমাদের যেটা মনে হয়েছে শুধু ছাত্রলীগ করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। এতে শিবির এখন ক্যাম্পাসে মাথাচাড়া দিয়ে উঠবে।’