রাজশাহীর পুঠিয়ায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। একই দিন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের ১০ কর্মী আহত হয়েছেন। সাতক্ষীরার তালায় ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ১২ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে পুঠিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা বক্তব্য দেওয়ার সময় স্থানীয় (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল ওয়াদুদের চাচাতো ভাই রিপনের নেতৃত্বে তাঁর অনুসারীরা হামলা চালায়। এ সময় ছাত্রলীগের লোকজন সাংসদের অনুসারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ছাত্রলীগের নেতা জি এম হীরা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রলীগের কর্মী সমশের, আনোয়ার, বাবু ও রুবেলসহ ১০ জন আহত হন। সাংসদের চাচাতো ভাই রিপন বলেন, ‘ওরাই আমাদের মিছিলে প্রথম ইট মারে। আমাদের মিছিলে বিভিন্ন ধরনের লোক ছিল। তারাও প্রতিরোধের চেষ্টা করেছে।’গলাচিপা (পটুয়াখালী): উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাত হোসাইনের নেতৃত্বে গলাচিপা হাইস্কুল রোডের আওয়ামী লীগের কার্যালয়ের (সাংসদের সমর্থিত অংশের নতুন কার্যালয়) সামনে থেকে গতকাল বেলা ১১টায় একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছে পৌঁছালে পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফরিদ আহসানের সমর্থকেরা এ শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের ধাওয়া করে। পরে শোভাযাত্রা থেকে অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং পাল্টা ধাওয়া করে।সাতক্ষীরা: তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকবাংলা চত্বর দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন। তালা সদরের মেলাবাজার মোড়ে পৌঁছালে তালা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সঞ্জয় কুমার দেসহ ১২ জন আহত হন। নিজেকে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবি করে ইকবাল হোসেন বলেন, তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। কারা হামলা করেছেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।