ছাত্রলীগের ৩৫ কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ৩৫ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। গত রোববার মহানগর পুলিশের শাহপরান থানায় কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ মামলাটি দায়ের করেন।

রোববার রাতেই মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করা হয়েছে জানিয়ে শাহপরান থানার ওসি আক্তার হোসেন বলেন, মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন কুমারগাঁও বাসস্টেশন থেকে আটক করা ছাত্রলীগের ৬ কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গত বৃহস্পতিবার এমসি কলেজ ছাত্রাবাসের ৪টি ব্লকের ৪০টি কক্ষ ভাঙচুর করা হয়। ছাত্রাবাসের ছাত্রসহ প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে ভাঙচুরের ঘটনার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করা হলে কলেজ কর্তৃপক্ষ ওই দিন থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার এ ঘটনায় মামলা হয়েছে।

১৮৯২ সালে এমসি কলেজ প্রতিষ্ঠা করা হয়। নগরের টিলাগড় এলাকায় ৬০০ শতক জায়গার ওপর ১৯২০ সালে ব্রিটিশ আমলে আসাম ঘরানার স্থাপত্যরীতির ঘরের মাধ্যমে ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল। ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাসে আগুন দিয়ে পোড়ানো হয়। পরে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রচেষ্টায় ছাত্রাবাস পুনর্নির্মাণ করা হয়। ২০১৪ সালের ১৪ অক্টোবর শিক্ষামন্ত্রী পুনর্নির্মিত ছাত্রাবাস উদ্বোধন করলে সচল হয় ছাত্রাবাস।

এ ঘটনার পাঁচ বছর পর এবার ছাত্রলীগ আধিপত্য বিস্তার নিয়ে ভাঙচুর করল ছাত্রাবাস। কলেজ ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত টিটু চৌধুরীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ ওঠে। কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় টিটুকে প্রধান আসামি করা হয়েছে।

সাক্ষ্য গ্রহণ বৃহস্পতিবার

ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষ্য নেবে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল কদ্দুছ বলেন, ‘রোববার তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করার শেষ পর্যায়ে সাক্ষ্য নেওয়া হবে।