ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কৃত, প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষে গত রোববার ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। তবে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংঘর্ষের পর গতকাল সোমবার পদত্যাগ করেছেন প্রক্টর।
সাময়িক বহিষ্কার হওয়া নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন ওরফে দীপু, ক্রীড়াবিষয়ক সম্পাদক এস এম নিয়ামুল হাসান ওরফে তাজ ও উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হক।
যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’
সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বলেন, ‘সিদ্ধান্ত মেনে নিয়ে আমি সংগঠনের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের কিছু সাংগঠনিক ব্যর্থতা ছিল। কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা তা মেনে নিয়েছি।’
সংঘর্ষের পর গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত ছিল। স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষা হয়েছে।
প্রক্টরের পদত্যাগ: সংঘর্ষের ঘটনার পর গতকাল উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রক্টর মো. মুজিবুর রহমান। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। তা ছাড়া, বর্তমান প্রশাসনে কাজ করে আমি স্বস্তিবোধ করব না।’