চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা খুনের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সংঘর্ষে নিহত মোজাহিদুল ইসলামের বাবা মো. হুমায়ন কবির গতকাল রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আসামিরা সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী বলে জানা গেছে।আদালত সূত্র জানায়, বিচারিক হাকিম ইয়াসমিন আরা অভিযোগ তদন্ত করে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। আদালত সূত্র জানায়, মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।মামলায় নাম উল্লেখ করা উল্লেখযোগ্য আসামি হলেন: ছাত্রলীগের কর্মী পীযূষ কান্তি বর্মণ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. তানজীম হোসেন, সহসভাপতি সাফায়েত বিল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সহসভাপতি রন্টু দাশ, ছাত্রলীগের কর্মী আহসানুল করিম, দিয়াজ ইরফান চৌধুরী, কিশোর কুমার দাশ, ইশতিয়াক মাইশুর, রুপম বিশ্বাস, মনসুর ও সৌমেন পাল।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম বলেন, হাটহাজারী থানা মামলা না নেওয়ায় মোজাহিদের বাবা আদালতে মামলা করেন। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এতে শিবিরের দুই নেতা নিহত হন। এদিকে, ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ ১০ দফা দাবিতে নগরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির। গতকাল রোববার সকালে নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় বিদ্যালয় কার্যক্রম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ ইসমাঈল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন কাদের প্রমুখ।