জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২৬ জানুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পাঁচ কর্মীকে তিন মাসের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত ২৭ জানুয়ারি রাতে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হলেও গতকাল বৃহস্পতিবার প্রশাসনিকভাবে তা জানানো হয়। তবে শাস্তি পাওয়া ছাত্রদের মধ্যে দুজন ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। বহিষ্কার হওয়া কর্মীরা হলেন: মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী দেলোয়ার হোসেন (অর্থনীতি বিভাগ ৩৫তম ব্যাচ), মনোয়ার হোসেন (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ৩৬তম ব্যাচ), মোতাছিম বিল্লাহ (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ), তন্ময় খান (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ) ও আল বেরুনী (বর্ধিতাংশ) হলের খাইরুল বাসার (বাংলা বিভাগ ৩৫তম ব্যাচ)।জানা যায়, গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পূর্বপাশে চা ও খাবার দোকানের সামনে দুই ছাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরে মুক্তমঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। নিজেদের নিরপরাধ দাবি করা মশাররফ হলের ছাত্রলীগের কর্মী তন্ময় খান ও মোতাছিম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের ঘটনার সময় আমরা হলে ছিলাম। মারধরের ঘটনা জানার পর আমরা হল গেটে যাই। এ সময় হলের সামনে উপস্থিত হল প্রাধ্যক্ষ আমাদের বাইরে না যাওয়ার নির্দেশ দিলে আমরা হলের ভেতরেই থাকি। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, হলের আবাসিক শিক্ষকেরাও হলের সামনেই ছিলেন। তার পরও আমাদের বিরুদ্ধে এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হলো।’ তাঁরা দাবি করেন, তাঁরা হলে থাকলেও অপর পক্ষের কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তাঁদের হলের সাধারণ ছাত্রদের খুঁজে খুঁজে ধারাল অস্ত্র দিয়ে মারাত্মক আহত করেছেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, সমাজবিজ্ঞান অনুষদের পাশে হলের কিছু ছাত্রলীগের কর্মীর সঙ্গে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে হলের সামনে গিয়ে হলের অন্য নেতা-কর্মীদের হল থেকে বের না হওয়ার নির্দেশ দিলে তাঁরা হলেই অবস্থান করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, ডিসিপ্লিনারি বডির সদস্যদের সুপারিশের ভিত্তিতে জরুরি সিন্ডিকেটে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিকভাবে আজ (গতকাল) সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ছয়জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করে। ছয় মাস সাজা ভোগ করার পর তাঁদের মধ্যে দুজন নির্দোষ বলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে প্রশাসন। এবারও দুজন শিক্ষার্থী নিজেকে নির্দোষ দাবি করল।