ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি গ্রামে একজন গৃহবধূকে (৩০) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে। এ অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে থানায় ওই পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন ওই গৃহবধূ।
এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন মো. কচিকে (৩০) গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছেন বাকি চারজন। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের সদস্য পট্টি বাবু, লাল শরিফ, তৌসিক ও জামাল প্রধানিয়া।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী সম্প্রতি একটি মামলায় গ্রেপ্তার হন। তাঁর জামিনের ব্যাপারে গতকাল সোমবার এক আত্মীয় ৩৭ হাজার টাকা নিয়ে গৃহবধূর বাড়িতে যান। কোনোভাবে খবরটি জেনে ওই দিন রাত নয়টার দিকে ওই পাঁচজন বাড়িটিতে জোরপূর্বক প্রবেশ করে গৃহবধূর শিশুসন্তান, শাশুড়ি ও আত্মীয়কে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে টাকা ছিনিয়ে নিয়ে গৃহবধূ ও আত্মীয়কে বিবস্ত্র করে ছবি তোলেন ও মারধর করেন। মারধর শেষে রাতভর গৃহবধূকে ধর্ষণ করেন তাঁরা।
সূত্রে আরও জানা গেছে, ভোরে ধর্ষণকারীরা আরও টাকা দাবি করলে ওই আত্মীয় টাকা আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে মতলব থানার পুলিশকে বিষয়টি জানান। এ খবরে পুলিশ অভিযান চালিয়ে কচিকে গ্রেপ্তার করে। অন্যরা আগেই পালিয়ে যান।
এদিকে ছাত্রলীগের নেতা কচিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছাত্রলীগের কর্মীরা মতলব ম্যাক্সি স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-মতলব-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কর্মীরা মতলব থানাও ঘেরাও করেন।
ধর্ষণের অভিযোগের ব্যাপারে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সহসভাপতি রিয়াদুল আলমের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘কী হয়েছে, আমার জানা নেই। তবে থানায় যাচ্ছি, পরে বলতে পারব।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলা দায়ের ও কচিকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, ‘বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’