কক্সবাজারে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে গত রোববার একটি মামলা করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকার লোকজনের কাছে অপরিচিত নন।
পুলিশ বলছে, পরিস্থিতির কারণে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। তদন্তের সময় তাঁদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হবে। মামলার এজাহার অনুযায়ী, একটি মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের বিষয়কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের এক সদস্য গত শুক্রবার বিকেলে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হন। রাতে কক্সবাজার সদর মডেল থানার সামনে ছাত্রলীগের কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর পুলিশ ও সিআইডির দপ্তরে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালা ভাঙচুর করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মামলার তদন্তের সময় ওই দিনের হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হবে। মামলার বাদী ও কক্সবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক অমিতাভ রায় বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে আসামিদের নাম উল্লেখ করে মামলা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেল আটকের ঘটনাকে কেন্দ্র করে ১৮ জুলাই পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। এ ঘটনা তদন্তে জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি তদন্ত দল গঠন করা হয়। কর্মকর্তাদের অনুমতি ছাড়া সেদিন গুলি চালানোর দায়ে কক্সবাজার সদর মডেল থানার চারজন উপপরিদর্শক (এসআই) ও ১১ জন পুলিশ কনস্টেবলকে গত শনিবার সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা হয়।
আসামিদের ‘অজ্ঞাতনামা’ উল্লেখ করার ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ দাবি করেন, ছাত্রলীগের কেউ পুলিশ ও সিআইডির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেননি। এ কারণেই এজাহারে কারও নাম নেই।