প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসি কলেজের ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থসহ ছাত্রলীগের ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা হয়েছে। গত বুধবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে কলেজের আবাসিক ছাত্র মো. জহিরুল ইসলাম মামলাটি করেন।আদালত গতকালই মামলাটি আমলে নিয়ে শাহপরান থানাকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই ঘটনায় ১৫ জুলাই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান একটি মামলা করেন। ওই মামলায় ছাত্রলীগের জেলা সভাপতিসহ ৪১ জনকে আসামি করা হয়। মামলার আরজিতে বলা হয়, জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশে আসামিরা ছাত্রাবাসে পেট্রল ঢেলে আগুন দেয়। সে সময় তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল। শাহপরান থানার ওসি এনামুল মনোয়ার জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।