ছাত্রলীগের ৬২ নেতা কর্মীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হওয়া ৬২ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মশিউর রহমান এ আদেশ দেন।
জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ৬২ ছাত্রলীগ নেতা-কর্মীর আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন জানান, জামিননামা পাওয়ার পর ৬২ ছাত্রলীগ নেতা-কর্মীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বারের সিদ্ধান্ত অনুযায়ী হরতালে কোনো মামলার শুনানি হয় না। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত হচ্ছে, যে দলেরই হরতাল হোক না কেন, কোনো আইনজীবী শুনানিতে অংশ নেবে না।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছোটখাটো জামিনযোগ্য ধারার মামলায় হরতালে জামিন শুনানি করতে বার থেকে কোনো আপত্তি দেওয়া হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের জামিন শুনানিতে তাই বারের কোনো আপত্তি ছিল না। এখন থেকে জামিনযোগ্য ধারায় যেকোনো মামলায় হরতালে জামিনের আবেদন করতে পারবেন আসামিরা। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বার এ সিদ্ধান্ত নিয়েছে।
আসামির আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, জামিনযোগ্য ধারা হওয়ায় জামিনের আবেদন করা হলে বিচারক তাঁর খাসকামরা থেকে জামিন মঞ্জুর করেন।
গত রোববার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ। এতে উভয় পক্ষের চারজন আহত হন। পরে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে ৬২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।