ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে জানান, আজ শনিবার সকাল সাড়ে আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এদিকে মতাদর্শিক কারণে ১৯৭২ সালে ছাত্রলীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অপর অংশ বাংলাদেশ ছাত্রলীগ (ত-সা) আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে তারা। প্রতিষ্ঠার পর থেকে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সর্বশেষ জরুরি অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শক্ত অবস্থান নেয় ছাত্রলীগ।