চট্টগ্রামে হামলা চালিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল বুধবার আদালতে নালিশি মামলা করেছেন দৌলতুর রহমান চৌধুরী নামের এক ব্যবসায়ী। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান অভিযোগ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। আরজিতে বলা হয়, নগরের জিইসি মোড়ের এশিয়ান শপিং কমপ্লেক্সের নিচতলার গাড়ি পার্কিংয়ের জায়গা দখলে নেওয়ার জন্য গত সোমবার রাত সাড়ে ১১টায় এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরশাদুল আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। তারা ব্যবসায়ী দৌলতকে মারধরের পর জিম্মি করার চেষ্টা করে। মামলার অভিযুক্ত অন্য ছয় ব্যক্তি হলেন—এমইএস কলেজ ছাত্রলীগের সদস্য আবু নাসের চৌধুরী, শরাফত আলী, মো. আবদুল মান্নান এবং স্থানীয় ছাত্রলীগের কর্মী মেজবাহ উদ্দিন, শহীদুল ইসলাম ও সোহেল রানা।এই মামলার বাদী দৌলতুর রহমান নগরের জিইসি মোড়ের এশিয়ান শপিং কমপ্লেক্সের মালিক বলে আরজিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করে। খবর পেয়ে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাদী এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নিতে রাজি হয়নি। বাধ্য হয়ে বাদী বুধবার আদালতে মামলা করেছেন।