ছাত্রলীগের ৭ নেতা বহিষ্কার, দুটি কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা হেভেন চৌধুরী হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়কসহ সাতজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের উপজেলা ও স্থানীয় কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

গতকাল বুধবার ছাত্রলীগের হবিগঞ্জ জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি মোস্তফা কামাল আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন: নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান, তিনজন যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী ওরফে রাহেল, খুর্শেদ আলম ওরফে মফিজ ও জায়েদ চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সদস্য মো. সুমন ও মোনায়েম।

নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মো. পারভেজের সঙ্গে বিরোধ দেখা দেয় অপর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের। গত ২৪ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার এলাকায় পারভেজ ও তাঁর সঙ্গী উপজেলা ছাত্রলীগের সদস্য হেভেন চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালান আবুল কাশেম ও তাঁর লোকজন। হেভেন চৌধুরী গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত হেভেন চৌধুরীর বাড়ি উপজেলার বোরহানপুর গ্রামে। তিনি ওই গ্রামের মকবুল হোসেন চৌধুরীর ছেলে। এ ঘটনায় গত সোমবার নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা মকবুল হোসেন চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত এই সাত নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি পুলিশ ছাত্রলীগের নেতা জায়েদ চৌধুরীকে আটক করে। পরদিন পুলিশ তাঁকে আদালতে হাজির করে। তিনি ২৭ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে যান।