ছাত্রলীগের ৮ জনের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গত শনিবার রাতে নোয়াখালী শহরে যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত আটজনের সঙ্গে সংগঠনের নেতা-কর্মীরা কোনো ধরনের সম্পর্ক রাখবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আটজন হলেন—খালেদ সাইফুল্যা ওরফে রাহাত, মো. তারেক, মো. মোহন, মো. হোসেন, মামুন, মো. টুটুল, মঞ্জু ও বেলাল।গতকাল রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মূল ও সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে মূল বা সহযোগী সংগঠনের কেউ ভবিষ্যতে কোনো সম্পর্ক রাখলে তাঁকেও দল থেকে বহিষ্কার করা হবে।সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা খালেদ সাইফুল্যা ওরফে রাহাতকে (৩২) গ্রেপ্তার করে সুধারাম থানাা পুলিশ। দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ তাঁর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাহাতকে গ্রেপ্তারের পর তাঁর অনুসারীরা ক্ষিপ্ত হয়ে রাতেই শহরের মাইজদী বাজার থেকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ ২৫টি গাড়ি ভাঙচুরের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সটকে পড়েন।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলালউদ্দিন কিরণ জানান, ‘হামলা-ভাঙচুর যাঁরা করেছেন, তাঁরা আমাদের সহযোগী সংগঠনের কর্মী পরিচয় দিলেও কোনো পদে নেই। এর পরও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জরুরি যৌথ সভা ডেকে তাঁদের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক না রাখার সিদ্ধান্ত হয়েছে।’সুধারাম থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া রাহাত পুলিশের তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর যাঁরা যানবাহন ভাঙচুর করেছেন, তাঁদেরও আটকের চেষ্টা চলছে।