ছাত্রলীগের ৮ নেতা-কর্মীর কাছে জিম্মি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ছাত্রলীগ নেতা-কর্মীর কাছে জিম্মি হয়ে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলের শিক্ষার্থীরা। খাবারের বকেয়া বিল পরিশোধ না করা, চাঁদাবাজি, ছিনতাইয়ে এই নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ওঠা নেতা-কর্মীরা হলেন ছাত্রলীগের হল শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে কাজল, হল শাখা তৃতীয় বর্ষের সভাপতি আবদুল মজিদ, ছাত্রলীগের কর্মী মোহাম্মদ হাসান, জুনায়েদ হোসেন, আবু নাসের ওরফে অপু, রাকিবুল হাসান, মোবারক করিম ও রেজাউল রাজীব। হল প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ২৭ জুন সকাল সাড়ে ১০টায় কবি নজরুল হলের শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির ফরম বিতরণ করা হচ্ছিল। ওই সময়ে আবদুল মজিদ, শাকিল, আবদুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন ও আবু নাসেরের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতা-কর্মী হলের ফরম বিক্রিতে বাধা দেন। তাঁরা ভর্তি ফরম ফি বিক্রিতে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করেন। ওই সময় অতিরিক্ত অর্থসহ মোট ২৫০ টাকা না দেওয়ায় এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ফরম বিক্রি বন্ধ হয়ে যায়। এ ছাড়া কলেজ ফটকের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও নবাগত শিক্ষার্থীরা হলে এলেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে ছাত্রলীগের ওই নেতাদের বিরুদ্ধে। এদিকে ২০১২ সালের নভেম্বর, ডিসেম্বর মাসে হলের ১০৩ ও ৩৫৯ নম্বর কক্ষে প্রবেশ করে তাঁরা ল্যাপটপ ও মুঠোফোন ছিনতাই করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে হলের সামনের মেস থেকে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ে জড়িত ছিলেন আবু নাসের, মোবারক করিম ও মোহাম্মদ হাসান। হল কর্তৃপক্ষ জানিয়েছে, কবি নজরুল হলে খাবার খেয়ে দীর্ঘদিন ধরে বকেয়া বিল ৭৭ হাজার ৪৭৮ টাকা পরিশোধ করছেন না ছাত্রলীগের পাঁচজন নেতা। ছাত্রলীগের হল শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের কাছে পাওনা ১৯ হাজার ৬৯২ টাকা, রেজাউল রাজীবের কাছে ১৯ হাজার ১৬৯ টাকা, মোবারক করিমের কাছে ১৯ হাজার ১৮ টাকা, রাকিবুল হাসানের কাছে ১৪ হাজার ৫৫ টাকা ও জুনায়েদ হোসেনের কাছে পাঁচ হাজার ৫৪৪ টাকা বকেয়া রয়েছে। বকেয়া খাবার বিল প্রসঙ্গে জুনায়েদ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে বাধ্য নই।’ ছাত্রলীগের অপর নেতা মজিদ বলেন, ‘হলের ভর্তি ফরমে আমি কারও কাছ থেকে বাড়তি টাকা নিইনি।’ ওই সব ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নজরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মহসিন মিয়া বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের কাছে খাবার বিল বকেয়া থাকার বিষয়টি হল প্রাধ্যক্ষের মাধ্যমে জানতে পেরেছি। ওরা ছাত্রলীগ করলেও আমাদের অনুসারী নয়।’ ওই হলের প্রাধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে ৭৭ হাজার ৪৭৮ টাকার বিল বাকি আছে। রোজার মধ্যেই তা আদায় করা হবে।’ কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘কবি নজরুল হলে নিয়মের বাইরে কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’