ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের চারজন কর্মী গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন ইকবাল হোসেন, বেলাল হোসেন, আরিফ হোসেন ও মো. পলাশ। তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে নাওড়ী গ্রামের ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাত আটটার দিকে গ্রামের কলেরগোড়া নামক স্থানে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ছাত্রদলের চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১২ জন কমবেশি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।