ছাত্রলীগ-শিবিরের পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গত সোমবার রাতে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় শিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মহসিন উদ্দিন, একই বিভাগের একই বর্ষের আবদুল্লাহ-আল-মামুন ও ইকবাল হোসেন, তৃতীয় বর্ষের ছাত্র সাইদুর রহমান, শাহীনুর রহমান, আল আমিন হাওলাদার ও মিজানুর রহমান, সিভিল বিভাগের প্রথম বর্ষের রাজু আহমেদ ও স্থানীয় অপটিমাম কোচিং সেন্টারের পরিচালক মাহমুদুল হাসান৷
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম হলের ১০০৯ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক নেতাসহ ১২-১৩ জন নেতা বৈঠক করছিলেন৷ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের মারধর করে পুলিশে দেন৷ এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলায় চালান৷
বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের ছাত্র ও জয়দেবপুর থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, হামলার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শিক্ষকদের সামনে তাঁদের কক্ষসহ ১০-১২টি কক্ষে হামলা চালিয়ে বেশ কয়েকটি ল্যাপটপ ও কম্পিউটার ভাঙচুর করে এবং তাদের কিছু বইপত্র ও লেপ-তোষক কক্ষের বাইরে বের করে অগ্নিসংযোগ করে৷
কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘আমি যাওয়ার আগেই ছাত্রলীগের কর্মীরা ১০০৯ নম্বর কক্ষে ঢুকে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়৷ পরে শিবিরের কর্মীদের উদ্ধার করে অতিথিদের কক্ষে তালাবদ্ধ রেখে পুলিশে খবর দেওয়া হয়৷’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম জানান, শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, শিবিরের নয় নেতা-কর্মীকে থানা হেফাজতে রাখা হয়েছে৷ এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি৷