স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের মেধাবী ছাত্রকে নিমর্মভাবে হত্যা করেছে। তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টি করতে চায়। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি গো-হাট মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। আধারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ময়মনসিংহ সদরের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলার সাংসদ এম এ ছাত্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম ও স্থানীয় নেতারা।স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে ময়মনসিংহ জেলা সভাকক্ষে জেলা প্রশাসক এ এন সামছুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক সভায়ও বক্তব্য দেন।