ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল রোববার ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচজন আহত হয়েছে। পুলিশ শটগানের অর্ধশতাধিক গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ অবস্থায় শিবিরের এক কর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও সাজা পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে ঝটিকা মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে শিবিরের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের অর্ধশতাধিক গুলি নিক্ষেপ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশ শটগানের গুলি ছুড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন নামের শিবিরের এক কর্মীকে আটক করা হয়। তাঁর বাড়ি ফতুল্লার ধর্মগঞ্জে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে থানায় আটক রাখা হয়েছে।