ছাত্রশিবিরের আট নেতা-কর্মী গ্রেপ্তার, ছাত্রলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে গত সোমবার রাতে আটক করা ১২ জন ছাত্রের মধ্যে আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। বাকি চারজনকে আগের দিন রাতেই ছেড়ে দেওয়া হয়।এদিকে, শিবিরের ‘তাণ্ডব ও নৈরাজ্যের’ প্রতিবাদে গতকাল সকালে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।গ্রেপ্তার ছাত্ররা হলেন: দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও শিবিরের কলা অনুষদ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইতিহাস বিভাগের ইয়াছিন আরাফাত, ইংরেজি বিভাগের আমিনুল ইসলাম, ইসলামিক স্টাডিজের আতিকুর রহমান, কবির হোসেন ও দেলোয়ার হোসেন এবং ইতিহাস বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিকী ও সোলায়েমান। ছাত্রশিবির দাবি করেছে, এঁরা সবাই দলের নেতা-কর্মী। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কাদের প্রথম আলোর কাছে দাবি করেন, পুলিশ হলে তল্লাশির নামে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।এদিকে, ছাত্রলীগ গতকাল দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।প্রশাসনিক ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রশিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গত সোমবার রাতে তারা সোহরাওয়ার্দী হলে অস্ত্রের মহড়া দেয়।’সংগঠনের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন: আবুল মনসুর সিকদার, সাইফুদ্দিন খালেদ, সাফায়েত বিল্লাহ, সুমন মামুন, আরিফুল ইসলাম, আলমগীর টিপু, রোবায়েত নিপুণ প্রমুখ।