ছাত্রশিবিরের ৩৮ জন নেতা-কর্মীকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।মকবুল আহমাদ দাবি করেন, কথিত ‘স্টিং অপারেশনের’ নামে পুলিশ সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে ঘরে ঘরে হানা দিচ্ছে। গ্রেপ্তার করা অনেকের পুলিশের নির্যাতনে হাত, পা ও শরীর থেঁতলে গেছে, কারও হাতের নখ উপড়ে গেছে, অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে বিবৃতিতে জামায়াতের এই নেতা এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।পৃথক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি মুজিবুর রহমান শনিবার রাজধানীতে ১৪ দলের গণমিছিল কর্মসূচিতে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি আগামী বছরের মধ্যে হবেই হবে’ এ বক্তব্যে উল্লেখ করে মুজিব বলেন, মহাজোটের নেতা ও মন্ত্রীদের এ ধরনের বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে, বিচারের নামে প্রহসন চলছে।