ছাত্রশিবিরের দুই কর্মী গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
রাজশাহী নগরের কাজলা এলাকার নিজ বাসা থেকে গত শুক্রবার রাতে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মী আবদুল্লাহ ওমর নাসির ওরফে শাহাদত হোসেনকে পরে ঢাকায় এনে একটি অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া শাহাদত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সশস্ত্র ক্যাডার। তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য অস্ত্র সংগ্রহ ও সংরক্ষণ করেন।ডিবির সহকারী কমিশনার এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শুক্রবার রাতে শাহাদতকে তাঁর রাজশাহীর কাজলার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল সকালে তাঁকে ঢাকা আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পরে তাঁকে নিয়ে গতকাল ৪৩/এ দক্ষিণ সায়েদাবাদের একটি বাড়িতে যান ডিবির সদস্যরা। সেখানকার একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি টিভি বাক্সের ভেতর থেকে নয় এমএম বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। পাশের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী তৌহিদুলকে। এ বাড়িটি শিবিরের মেস হিসেবে ব্যবহূত হতো এবং শিবিরের কর্মীরা এই মেসে বৈঠক করতেন।